শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ১৩ নভেম্বর ২০২৬

হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে নানা আয়োজন

হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে নানা আয়োজন
ছবিঃ সংগৃহীত

বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে তার জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টায় হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন। পরে তার সমাধিতে হুমায়ূন ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় এই লেখক-নির্মাতাকে। বেলা সাড়ে ১১টায় কেক কাটেন নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা।

নুহাশপল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, হুমায়ূন আহমেদের জন্মদিনে নুহাশপল্লীতে বৃহস্পতিবার রাতে ১ হাজার মোমবাতি প্রজ্বলন করে কর্মসূচির শুরু করা হয়। সকাল ৮টায় হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেহের আফরোজ শাওন। হুমায়ূন আহমেদের দুই সন্তান নিনিদ ও নিষাদ অসুস্থতার কারণে এবার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেননি।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি এবং ২০১২ সালের ১৯ জুলাই আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের জনপ্রিয় এ লেখক। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দশ মাস চিকিৎসাধীন থাকার পর নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়