হুমায়ূন আহমেদের আজ জন্মদিন
বাংলা সাহিত্যের পাঠকপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। গল্প, উপন্যাস ও নাটকে নিজস্ব লেখনীর স্বতন্ত্র জগৎ তৈরি করে জয় করেছেন কোটি পাঠকের হৃদয়। তার সৃষ্ট চরিত্রগুলো যেন আজও জীবন্ত হয়ে আছে পাঠকের কল্পনায়। হিমু, মিসির আলি কিংবা শুভ্র—প্রতিটি চরিত্রই পেয়েছে আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা। আজ ১৩ নভেম্বর, নন্দিত এই কথাসাহিত্যিকের ৭৮তম জন্মদিন।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার ডাকনাম ছিল কাজল। বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা ফয়েজের প্রথম সন্তান ছিলেন তিনি। বাবা পেশায় পুলিশ কর্মকর্তা এবং মা ছিলেন গৃহিণী।
তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন হুমায়ূন আহমেদ। তার ছোট ভাই জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। আর সবার ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব।
নিজের লেখনীতে সাধারণ মানুষের জীবন, আবেগ, হাসি-কান্না ও মনস্তত্ত্বকে অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ। তার সৃষ্ট হিমু, মিসির আলি ও শুভ্র চরিত্র বাংলা সাহিত্যে পেয়েছে বিশেষ স্থান। সহজ ভাষা, সাবলীল বর্ণনা ও গল্প বলার অভিনব কৌশলে তিনি তৈরি করেছিলেন নিজস্ব পাঠকগোষ্ঠী। তার সাহিত্যকর্ম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে আন্তর্জাতিক অঙ্গনেও।
২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই জনপ্রিয় লেখক। তার প্রয়াণের এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু সময়ের ব্যবধানেও কমেনি তার জনপ্রিয়তা। নতুন প্রজন্মের পাঠকদের কাছেও সমানভাবে সমাদৃত তার গল্প, উপন্যাস ও সৃষ্ট চরিত্রগুলো।
জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাসাহিত্যিককে। তার সৃষ্টিশীল কর্ম বাংলা সাহিত্য ও পাঠকের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।



























