আইসিসির মাসসেরা হলেন নাহিদ রানা
বাংলাদেশ ক্রিকেটে যেন নতুন গতির ঝড়ের নাম নাহিদ রানা। একের পর এক আগুনঝরা স্পেলে প্রতিপক্ষকে কাঁপিয়ে এবার বিশ্ব ক্রিকেটেও নিজের নাম উজ্জ্বল অক্ষরে লিখলেন এই তরুণ পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়ের নায়ক হয়ে এপ্রিল মাসের আইসিসি ‘সেরা ক্রিকেটার’ পুরস্কার জিতে নিয়েছেন নাহিদ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা International Cricket Council। সেখানে ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে মাসসেরার স্বীকৃতি পান বাংলাদেশের এই গতিতারকা।
গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেন নাহিদ। পুরো সিরিজে ৮ উইকেট শিকার করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জয়ের কীর্তি গড়লেন ডানহাতি এই পেসার।
পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, “নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়া দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আরও বিশেষ হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই।”
সিরিজের প্রথম ওয়ানডেতে খুব একটা সুবিধা করতে পারেননি নাহিদ। ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। তবে দ্বিতীয় ম্যাচেই বদলে যায় দৃশ্যপট। মিরপুরে আগুনঝরা বোলিংয়ে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। পাওয়ারপ্লেতেই তুলে নেন দুই গুরুত্বপূর্ণ উইকেট। পরে আরও তিন উইকেট নিয়ে কিউইদের গুটিয়ে দেন ১৯৮ রানে।
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও দারুণ ধারাবাহিকতা দেখান নাহিদ। সেখানে ২ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। পুরো সিরিজে তার বোলিং গড় ছিল ১৬ দশমিক ৭৫ এবং ইকোনমি রেট ৪ দশমিক ৪৬। দুর্দান্ত এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এপ্রিল ২০২৬-এর আইসিসি মাসসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে তার হাতে।



























