‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই’
ক্যারিয়ারের গোধূলিবেলায় দাঁড়িয়েও থামার কোনো ইঙ্গিত নেই মুশফিকুর রহিমের কণ্ঠে। ওয়ানডে ও টি-টোয়েন্টিকে বিদায় জানালেও লাল বলের ক্রিকেটে এখনও সমান ক্ষুধার্ত বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। বরং নিজের ফিটনেস আর মানসিক দৃঢ়তাকেই সামনে রেখে আরও কিছুদিন দেশের হয়ে টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানালেন তিনি।
শুক্রবার সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, যতদিন শারীরিকভাবে নিজেকে ফিট রাখতে পারবেন, ততদিনই জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য একটি ইতিবাচক উদাহরণ রেখে যেতে চান বলেও জানান এই অভিজ্ঞ ক্রিকেটার।
মুশফিক বলেন, ‘যতদিন ফিট থাকব, ততদিন খেলে যেতে চাই। এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করব না। আমি অবসরের আগে দলকে এমন একটা টোন সেট করে যেতে চাই, যাতে সবাই অন্তত নিজের ফিটনেসের ব্যাপারে আরও সজাগ হয়।’
এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন মুশফিক। এরপর প্রায় বছরখানেক আগে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানান তিনি। বর্তমানে দেশের হয়ে শুধু টেস্ট ক্রিকেটেই নিয়মিত খেলছেন এই উইকেটকিপার-ব্যাটার।
আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে সাদা বলের সিরিজের পাশাপাশি আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলবে টাইগাররা। সেই সিরিজকে বড় সুযোগ হিসেবেই দেখছেন মুশফিক।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সিরিজ আমাদের জন্য অনেক বড় সুযোগ। এত বছর যেহেতু তারা আমাদের ডাকে নাই, ওদের কন্ডিশন নিয়ে আমাদের পেসাররা খুবই রোমাঞ্চিত। আমার বিশ্বাস, তারা ওদের খুবই টাফ টাইম দেবে।’
এদিকে দীর্ঘদিন ধরেই টেস্ট দলের সঙ্গে থাকলেও একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন না স্পিনার নাইম হাসান। বিষয়টি নিয়েও কথা বলেছেন মুশফিক। তার মতে, সুযোগ না পেলেও মানসিকভাবে শক্ত থেকে নিজেকে প্রস্তুত রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মুশফিক বলেন, ‘নাইম হাসান অনেক দিন ধরে দলের সঙ্গে। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। এটা তার জন্য খুবই টাফ। তবে সে মানসিকভাবে অনেক শক্ত। তাকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে। সে প্রতিদিনই উন্নতি করছে। আশা করছি সে সুযোগ পাবে।’



























