আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর এবারের আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। লিগ পর্বের শেষ ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। রাজস্থান রয়্যালস-এর বিপক্ষে সেই ম্যাচেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লিখিয়েছেন রোহিত শর্মা।
রাজস্থানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে মাত্র ৪ বল খেলেই শূন্য রানে সাজঘরে ফেরেন রোহিত। এর মাধ্যমে আইপিএলে তার ডাকের সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ। ফলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে তিনি ছুঁয়ে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল-কে।
আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত আর কোনো ব্যাটসম্যান ১৯ বার শূন্য রানে আউট হননি। এই তালিকায় এরপরই রয়েছেন দীনেশ কার্তিক ও সুনীল নারিন, যারা ১৮ বার করে ডাক মেরেছেন। এছাড়া ১৬ বার শূন্য রানে আউট হয়ে তালিকার পরের ধাপে আছেন পীযূষ চাওলা এবং রশিদ খান।
তবে পুরো মৌসুমে ব্যাট হাতে একেবারে নিষ্প্রভ ছিলেন না রোহিত। চলতি আসরে ৯ ম্যাচে ৩৫.৩৮ গড়ে করেছেন ২৮৩ রান। তার স্ট্রাইক রেট ছিল ১৫৭.২২। দুটি অর্ধশতকও এসেছে তার ব্যাট থেকে। যদিও চোটের কারণে পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি। ইনজুরি কাটিয়ে ফেরার পর বেশিরভাগ ম্যাচেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট হাতে নামতে হয়েছে তাকে।



























