সিরিজসেরা মোসাদ্দেক, দামি গাড়ি পেলেন হৃদয়
শ্বাসরুদ্ধকর লড়াই দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ১ উইকেটের রোমাঞ্চকর জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে অস্ট্রেলিয়া। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার কুপার কোনোলি। আর ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেকের হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার।
ওপেনিংয়ে নেমে ৪৯তম ওভারে আউট হওয়ার আগে ১৪৯ রান করেন কোনোলি। ১৩৪ বলের ইনিংসে ১৩ চার ও ৬টা ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সিরিজে সর্বোচ্চ রানের পুরস্কারও জিতেছেন তিনি।
এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ২ ফিফটিতে ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৫৭ রান। এছাড়া বল হাতে নিয়েছেন ২ উইকেট।
এই সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন দুজন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। আর বাংলাদেশের হয়ে সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। তার হাতে উঠেছে চেরি ব্র্যান্ডের একটি গাড়ির চাবি।
গাড়ি পেয়ে ফেসবুক পোস্টে হৃদয় বলেন, ‘মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ্যেই পেয়ে গেলাম! অদ্ভুত না?’
৩ ম্যাচে ৭৭ গড়ে হৃদয় করেছেন ১৫৪ রান। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেছেন আজ সিরিজের শেষ ম্যাচে।



























