বুধবার ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ৩০ জুন ২০২৬

ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে: আলিসন বেকার

ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে: আলিসন বেকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলপ্রেম এবার যেন শুধু গ্যালারিতেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে বিশ্বের বড় বড় তারকাদের মুখেও। আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা শেষ হলেই বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাসের ভিডিও, পতাকা আর আবেগঘন উদযাপন এখন নিয়মিতভাবেই জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই আবেগঘন সমর্থন এবার সরাসরি ছুঁয়ে গেছে মাঠের ভেতরের তারকাদেরও। ব্রাজিলের জাপানের বিপক্ষে ২–১ ব্যবধানে নাটকীয় জয়ের পর লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার মিক্সড জোনে এসে বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

তিনি বলেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের এভাবে সমর্থন দেওয়ার জন্য। আমি বেশ কিছু (উল্লাসের) ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসার জন্য কৃতজ্ঞতা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

অন্যদিকে আর্জেন্টিনার ‘বাজপাখি’খ্যাত বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও আগেই বাংলাদেশের ফুটবল আবেগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তিনি স্মরণ করেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে সশরীরে গিয়েছি এবং দেখেছি তারা আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা।’

টুর্নামেন্টের অগ্রগতিতে ব্রাজিল ইতোমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে। তাদের পরবর্তী প্রতিপক্ষ হতে পারে নরওয়ে অথবা আইভরি কোস্ট। আর আর্জেন্টিনা শেষ ৩২-এর বাধা পেরোতে আগামী ৪ জুলাই মুখোমুখি হবে কেপ ভার্দের।

জনপ্রিয়