শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হয়ে গেছি: অশ্বিন
অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকেই ৯ উইকেটের বড় ব্যবধানে হারানোর অবদান হাসান মাহমুদ ও তানজিদ তামিমকেই দিচ্ছেন অনেকে। অবশ্য তাদের অবদান অস্বীকার করছেন না সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তবে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ই নয়, বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের পেছনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবদান রয়েছে বলে জানান তিনি।
শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন জানিয়ে অশ্বিন বলেন, ‘আমি তার (নাজমুল হোসেন শান্ত) অধিনায়কত্বে মুগ্ধ হয়ে গেছি। তিনি বোলারদের যেভাবে ব্যবহার করলেন, নিজের ব্যাট হাতে অবদান রাখলেন এবং আক্রমণাত্মক ভঙ্গিমায় খেললেন- এক কথায় অসাধারণ। নাথান লায়নকে সুবিধা করতেই দেননি। বাংলাদেশের জন্য এই জয় অনেক বড়।’
সিরিজের প্রথম টেস্টে হাসান মাহমুদের সঙ্গে বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদও। বাংলাদেশের পেসারদের প্রশংসা করে ভারতীয় সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে তাদের ফাস্ট বোলিং আক্রমণ যেভাবে বল করেছে, তা বাংলাদেশের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। তাসকিন দারুণ জায়গায় বল করেছেন।’
‘হাসান ছিলেন অসাধারণ। চেন্নাইয়ে যখন বাংলাদেশ টেস্ট খেলেছিল, হাসান মাহমুদ কিন্তু আমাদের বেশ ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন।’
এদিকে তানজিদ হাসানের প্রশংসা করে অশ্বিন বলেন, ‘এই টেস্টে বাংলাদেশের ভালো দিক ছিল তাদের ব্যাটিং। তানজিদ হাসান তামিম পুরো আধিপত্য বজায় রেখে ব্যাট করেছেন। শান্তর ব্যাটিংও ছিল চমৎকার। আর নিচের দিকে মেহেদীও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্যি বলতে তারা অজিদের কোনো সুযোগই দেয়নি।’



























