এশিয়ান গেমসের দিকে পুরো দেশ তাকিয়ে আছে : সালাউদ্দিন
এশিয়ান গেমসের এবারের আসরে ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আগের আসরগুলোতে দ্বিতীয় সারির দল পাঠানোর প্রবণতা থাকলেও এবার বাংলাদেশসহ প্রায় সব দেশই মূল দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে জাপানে যাওয়ার আগে দেশের মাটিতেই দীর্ঘ প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ সবার ভাগ্যে আসে না। তাই এই আসরে ভালো করার প্রত্যাশা শুধু দলের নয়, পুরো দেশের মানুষেরও।
সোমবার সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘আসলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার ভাগ্য সবার সবসময় হয় না। আমি মনে করি, এশিয়ান গেমসে বাংলাদেশের সবাই আশা করে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে। আমরা সাধারণত খুব বেশি পদকও পাই না। কিন্তু যেহেতু ক্রিকেট, আমি মনে করি পুরো দেশ আমাদের দিকে তাকিয়ে আছে, যাতে আমরা ভালো করি।’
এশিয়ান গেমসে লক্ষ্য সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি আশাবাদী আমরা ভালো করব। দেখুন—যেহেতু খেলাধুলা করতে আসছি, এখানে চ্যাম্পিয়ন চিন্তা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। আমরা আশা করব ছেলে-মেয়েরা ভালো করবে এবং আমরা ভালো পদক নিয়ে আসব।’
বিদেশের মাটিতে খেলতে গেলে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বলে উল্লেখ করেন সালাউদ্দিন। তবে দর্শক উপস্থিতি কিংবা সুযোগ-সুবিধার চেয়ে দলের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
সালাউদ্দিনের ভাষায়, ‘অন্য জায়গায় যখন আমরা খেলতে যাই, তখন অনেক সুযোগ-সুবিধা পাই, দর্শকও থাকে। অনেক সময় ভালো রেজাল্ট করি না, সবসময় চ্যালেঞ্জিং। তবে দর্শক থাকাটা আমার কাছে খুব বড় একটা ফ্যাক্টর না। আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, আমরা ভালো খেলব এবং খেলাটাই মুখ্য। চ্যালেঞ্জ থাকবেই।’
এশিয়ান গেমসের মঞ্চে তাই ফলাফলের পাশাপাশি নিজেদের খেলাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোতে চান বাংলাদেশ কোচ। স্বর্ণপদকের প্রত্যাশা সামনে রেখেই জাপানের আসরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ।



























