সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
সৌদি আরবে বিমানবন্দরের উদ্দেশে যাত্রাপথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা চার বাংলাদেশিরই মৃত্যু হয়।
নিহতদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকা কানাইঘাটেও শোকের আবহ বিরাজ করছে।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেটের কর্মকর্তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন।



























