সাফে আসছেন রোনান সুলিভান
বাংলাদেশের জার্সিতে আবারও মাঠে নামার অপেক্ষায় প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে তাকে দলে পেতে চেয়েছিলেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। তবে যুক্তরাষ্ট্রে কলেজের পড়াশোনা ও ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা কাটিয়ে সাফে খেলার জন্য বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন রোনান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিজের সম্মতির কথা জানান এই প্রবাসী ফুটবলার। বিষয়টি নিশ্চিত করে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘আজকেই সে আমাকে কনফার্ম করেছেন যে, সে আসতে পারবে। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।’
বাফুফের জাতীয় দল কমিটির সদস্য না হলেও সভাপতি তাবিথ আউয়ালের নির্দেশনায় প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজ করছেন ফাহাদ করিম। এ কারণে প্রবাসী খেলোয়াড়দের বিষয়ে নিয়মিত বিভিন্ন তথ্য গণমাধ্যমকে জানিয়ে থাকেন তিনি।
রোনানের বাংলাদেশে আসার ক্ষেত্রে বড় বাধা ছিল যুক্তরাষ্ট্রের কলেজ থেকে ছুটি পাওয়া। বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ থাকলেও কলেজের ফুটবল কোচের কাছ থেকে অনুমতি পাচ্ছিলেন না তিনি। অবশেষে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটি পেয়েছেন রোনান। এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘সে ১-১৮ নভেম্বর পর্যন্ত ছুটি পেয়েছে। এই সময় সে সাফে খেলার জন্য প্রস্তুত। আমরা ওই সময়ের মধ্যে তার জন্য ফ্লাইট টিকিট নির্ধারণ করব।’
মালদ্বীপে সাফ অ-২০ টুর্নামেন্টে টাইব্রেকারে রোনান সুলিভানের পানেনকা শটে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রি-কিক ও হেডে দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানে জেতান রোনান। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন রোনান।
এরপর থেকে বাংলাদশে সিনিয়র দলে তাকে খেলানো নিয়ে চলছে আলোচনা। আমেরিকার ফিলাডেলফিয়ায় পড়াশোনা ও ফুটবলে ব্যস্ত থাকায় তিনি আর বাংলাদেশের হয়ে খেলার সময় দিতে পারেননি। এএফসি অ-২০ চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে তাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ।
৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। রোনান নভেম্বরের ১ কিংবা ২ তারিখে ফিলাডেলফিয়া থেকে রওনা হলে ২-৩ নভেম্বর ঢাকায় পৌছাতে পারবেন। ভ্রমণক্লান্তি ও জাতীয় দলের সঙ্গে স্বল্প অনুশীলনে কোচ ডুলি তাকে ৫ নভেম্বর ম্যাচে ব্যবহার করেন কিনা সেটাই দেখার বিষয়। তবে রোনান স্কোয়াডে থাকলে বাংলাদেশের ফরোয়ার্ড লাইনের শক্তি বাড়বে অনেক।
আগামী ৫-১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ নিতে না পারায় এবার খেলছে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ১৭ নভেম্বর।



























