রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত
রাজধানীর কলাবাগান এলাকায় ‘পারিবারিক কলহের’ জেরে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে জামাতা হৃদয় ওরফে শিপনকে (৩০) আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক বলেন, ঘটনার পর হৃদয়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।।
নিহত দুজন হলেন- হৃদয়ের স্ত্রী ফারজানা বেগম ওরফে রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৮)।
হৃদয় ও ফারজানার বাড়ি শরীয়তপুরে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে হৃদয় ও তার স্ত্রী ফারজানার মধ্যে ঝগড়া হচ্ছিল। এক পর্যায়ে ফারজানার মা ফিরোজা মেয়ের পক্ষ নিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় হৃদয় তার স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই ফারজানা মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ফিরোজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে ঘটনার বিষয়ে ওসি ফজলে আশিক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে রাতে স্ত্রী ফারজানাকে নিয়ে শ্বশুরবাড়িতে যান হৃদয়। আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।



























