পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় আটক
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মীনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা-২ আসনের ২০১৪ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
পুলিশের একটি ইনসিডেন্ট রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তিনি হৃদ্রোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
খন্দকার আজিজুল হক আরজু পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জনাব আলী খন্দকার। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



























