রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি

বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামের এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রানা পেশায় গাড়িচালক। পরে রাত ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

রানার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায়। তার বাবার নাম মৃত আবদুর রব। বর্তমানে তিনি রাজধানীর ভাটারার নতুন বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন।

ঢামেকে চিকিৎসাধীন রানা জানান, ঘটনার দিন বিকেল ৩টার দিকে উত্তর বাড্ডায় পরিচিত জয় নামের এক ব্যক্তির বাসায় দাওয়াত খেতে যান তিনি। পরে একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সে সময় কক্ষে তার ছোট ভাই ও জয় ছিলেন।

রানা বলেন, রাত আনুমানিক ১০টার দিকে বাসার দরজায় কড়া নাড়ার শব্দ শুনে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু বাইরে থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে জয় দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে বাসার মূল ফটকের দিকে এগিয়ে যান।

রানার ভাষ্য, ঠিক তখনই তামিমসহ আরও দুজন ভেতরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে বিছানায় শুয়ে থাকা রানার ডান পায়ে গুলি করেন। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।

রানা অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে তামিম তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। এতে তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুলি লাগে।

রানার স্বজনেরা জানান, রানার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে তামিম নিয়মিত চাঁদা দাবি করতেন। তবে রানা তামিমকে স্পষ্ট জানিয়ে দেন, কোনো চাঁদা দেওয়া হবে না। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করেই এ হামলা হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

স্বজনদের আরও দাবি, অভিযুক্ত তামিমের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যা মামলাও রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, রাতে বাড্ডা থেকে গুলিবিদ্ধ অবস্থায় রানা নামের ওই যুবককে ঢামেকে নিয়ে আসা হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়