প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবারের নির্ধারিত পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়লে এ সিদ্ধান্ত নেয় অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক গণমাধ্যমকে জানান, নিয়োগ পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
এর আগে শনিবার বেলা ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে।



























