ইকোপার্ক থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা সেই শিশুটি মারা গেছে
দুর্গম পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরা মারা গেছে। তিনদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. রমিজ।
রোববার রাতে তার গলায় অস্ত্রোপচার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরদিন তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এর আগে রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ইকোপার্কের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে প্রথমে দেখে উদ্ধার করেন এবং গলা পেঁচিয়ে রক্ত বন্ধের চেষ্টা করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ধারণা, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
শিশুটির চাচা রমিজ বলেন, “আমাদের বাড়ি থেকে সে বের হয়েছিল, হয়তো আমার বাসায় আসছিল। কীভাবে পাহাড়ি এলাকায় গেল, বুঝতে পারছি না। আমরা বিচার চাই।”
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। শিশুটির মা ইতোমধ্যে থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন।



























