সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ২৩ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে জুলাই যোদ্ধার মৃত্যু

নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে জুলাই যোদ্ধার মৃত্যু
ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার মদন পৌর এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সিএনজিচালক ও টোল আদায়কারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় তাদের বিরোধ মেটাতে গিয়ে টোল আদায়কারীর কিলঘুষিতে গুরুতর আহত হয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মদন পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল গনির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সোমবার সকালে সেখান থেকে সিএনজিযোগে নেত্রকোনার মদন উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুপুরের দিকে পৌর এলাকায় পৌঁছালে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে সিএনজিচালক রায়হানের পৌর টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়।

একপর্যায়ে সিএনজিতে থাকা জুলাই যোদ্ধা আব্দুল বারেক মারামারি থামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, ইতোমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়