শনিবার ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জেলা প্রতিনিধি, পটুয়াখালী 

প্রকাশিত: ১৯:৪৬, ৫ জুন ২০২৬

পরিচয় গোপন করে আত্মগোপন, শেষ রক্ষা হলো না নিজাম উদ্দিনের

পরিচয় গোপন করে আত্মগোপন, শেষ রক্ষা হলো না নিজাম উদ্দিনের
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলার যৌতুক নিরোধ আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নিজাম উদ্দিন গাজীকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকার সার্কুলার রোডস্থ একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন গাজী দুমকি উপজেলার চরগরবদী গ্রামের ইউনুছ গাজীর ছেলে। তার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা একটি মামলায় (সিআর-৬০/২৬) আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নিজাম উদ্দিন গাজী পরিচয় গোপন করে বরিশাল নগরীর কোতোয়ালি থানা এলাকার সার্কুলার রোডের একটি ভাড়া বাসায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় উপ-পরিদর্শক (এসআই) সজিব হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ