শুক্রবার ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ১২ জুন ২০২৬

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন
ছবি: সংগৃহীত

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সরকারি এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইএসএস) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন, প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। তরুণ শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাশক্তিকে বিকশিত করার লক্ষ্যে সারাদেশের ন্যায় বোদা উপজেলাতেও এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ বিন জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা ধনেশ্বর চন্দ্র, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন এবং বোদা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ পরিকল্পনা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা প্রদর্শন করেন। তাদের উপস্থাপনায় ফুটে ওঠে বাস্তব জীবনের সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনাময় প্রয়োগ।

অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সময়োপযোগী প্রযুক্তি ব্যবহার এবং পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরে কৃতিত্বপূর্ণ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ বিন জিয়া বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম। আজকের শিক্ষার্থীদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবনী প্রচেষ্টাই আগামী দিনে দেশের বড় বড় সমস্যার কার্যকর প্রযুক্তিগত সমাধানের পথ দেখাবে।”

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা, উদ্যোক্তা-চেতনা ও উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে নতুন প্রেরণা জুগিয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়