বুধবার ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৭ জুলাই ২০২৬

দিনাজপুরে ঘুমানো নিয়ে বিরোধ, শাবলের আঘাতে প্রাণ গেল স্ত্রীর

দিনাজপুরে ঘুমানো নিয়ে বিরোধ, শাবলের আঘাতে প্রাণ গেল স্ত্রীর
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে শাবলের আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী মানিক হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে ফুলবাড়ী পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কুলসুম আক্তার মিমি ওই এলাকার মৃত আব্দুল কাশেমের মেয়ে। তার স্বামী মানিক হোসেন পূর্ব গৌরীপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। বিয়ের পর থেকে মানিক শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তাদের তিন ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্বজনদের ভাষ্য, মানিক হোসেন কোনো কাজকর্ম করতেন না। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। মঙ্গলবার ভোরে ঘুমানো নিয়ে দুজনের মধ্যে আবারও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মানিক প্রথমে স্ত্রীকে মারধর করেন। পরে ঘরে থাকা একটি শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই কুলসুমের মৃত্যু হয়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মানিককে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাকে থানায় নিয়ে যায়।

নিহতের মা মেহেরুন নেছা বাদী হয়ে ফুলবাড়ী থানায় মানিক হোসেনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

নিহতের বড় ছেলে আলা-আমিন বলেন, ‘আমাদের সামনেই বাবার হাতে মা নিহত হয়েছেন। আমরা এ ঘটনার বিচার চাই।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

জনপ্রিয়