বুধবার ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ৭ জুলাই ২০২৬

পুলিশের এটিইউ ও সিটিটিসি ইউনিটের নাম পরিবর্তন

পুলিশের এটিইউ ও সিটিটিসি ইউনিটের নাম পরিবর্তন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দুই সন্ত্রাসবিরোধী ইউনিটের নাম পরিবর্তন করা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ (এসএসইউ) এবং ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি’ (এসএসইউ-ডিএমপি) করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বর্তমান সময়ে নিরাপত্তা ঝুঁকির ধরন দ্রুত পরিবর্তন হচ্ছে। সহিংস উগ্রবাদের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে তৈরি নতুন ধরনের ঝুঁকি মোকাবিলায় আরও আধুনিক ও বিস্তৃত কাঠামোর প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে দুই ইউনিটের নাম পরিবর্তন ও দায়িত্বের পরিধি বাড়ানোর প্রস্তাব দেয় পুলিশ সদর দপ্তর। গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ করার অনুমোদন চাওয়া হয়। পরে ৮ জুন ডিএমপি কমিশনারকে সিটিটিসির নাম পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়।

নতুন কাঠামো অনুযায়ী, এসএসইউ শুধু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনেই সীমাবদ্ধ থাকবে না বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় স্থিতিশীলতা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও আরও বিস্তৃত ভূমিকা পালন করবে।

পুলিশ সদর দপ্তরের মতে, নতুন নাম ও কাঠামো কার্যকর হলে ইউনিটগুলোর সক্ষমতা আরও বাড়বে এবং আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ক্ষেত্রেও সুবিধা তৈরি হবে। একই সঙ্গে অতীতের কিছু বিতর্কিত অভিযোগ থেকে বেরিয়ে জনআস্থা পুনর্গঠনে এটি সহায়ক হবে বলে মনে করছে পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালে রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর এটিইউ গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরে ২০১৭ সালের ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিটটি। এরপর থেকে সারা দেশে বিশেষায়িত সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে এটিইউ।

জনপ্রিয়