বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৬, ১৫ জুলাই ২০২৬

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন
ছবি: সংগৃহীত

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, নেসকোর পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জানান, দ্রুত সময়ের মধ্যে নেসকোর পুরো পরিচালনা পর্ষদই পুনর্গঠন করা হবে। সেখানে নতুন সদস্য অন্তর্ভুক্ত হওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন। খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। এছাড়া তিনি ওই আসনের সাবেক টানা তিনবারের সংসদ সদস্য ও প্রয়াত সাবেক মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হকের ভাইও।

জনপ্রিয়