বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ১৫ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন শেষে আজকের মতো আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজ রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে যান।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, ‘অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি।’

এক দফা দাবি জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ রাত ১০টার মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে “লং মার্চ টু সচিবালয়” কর্মসূচি পালন করা হবে।’

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন। সেখানে কিছু সময় অবস্থান করার পর ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিকাল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখোমুখি হন শিক্ষার্থীরা। এরপর সেখানেই অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় দেড় ঘণ্টা কর্মসূচি পালন শেষে বিকাল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

জনপ্রিয়