স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কার জব্দ, মিলল ৬ হাজার ইয়াবা
কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় ডিএনসির চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৯)।
ডিএনসির কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পর্যটকবেশে ইয়াবা পাচারের তথ্য পেয়ে রামুর রাবার বাগান এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ঘ ১৪-৮১১১ নম্বরের একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় গাড়ির ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ১০টি করে জিপার লক পলিপ্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৬ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়। পাশাপাশি গাড়িটির উইন্ডশিল্ডে লাগানো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিরপুর ডিওএইচএসের স্টিকার, ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে।
ডিএনসির উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, এ ঘটনায় পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
তিনি আরও বলেন, পর্যটনের আড়ালে দেশের বিভিন্ন এলাকা থেকে কক্সবাজারে এসে মাদক সংগ্রহ করে পাচারের প্রবণতা বাড়ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে নজরদারি করা হচ্ছে।



























