পকেটে ইয়াবা নিয়ে পালাতে গিয়ে ধরা এনসিপি নেতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে পকেটে ইয়াবা নিয়ে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা।
গ্রেপ্তার এনসিপি নেতার নাম শাকিল মিয়া ওরফে শাকিল খান (২৬)। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক।
সোমবার (২০ জুলাই) দুপুরে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা জায়গায় মাদক কেনাবেচা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন শাকিল। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এদিকে ঘটনা নিশ্চিত হওয়ার পর সোমবার বিকেলে এনসিপির সব পদ থেকে শাকিলকে বহিষ্কার করা হয়।
গাইবান্ধা জেলার এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাকিল খানকে দলের উপজেলা শাখার সহ-সাংগঠনিক পদসহ সবধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার ঘোষণা করা হলো।
এনসিপি সবসময় মাদক, জুয়া ও অপরাধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে জানিয়ে সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান বলেন, ‘এনসিপির সদস্য হয়েও এমন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী শাকিল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।



























