বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা
বরিশালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খান (৩৯) নিজ বাসভবনে হামলার শিকার হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে ওই হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় রবিবার (১৯ জুলাই) বরিশাল কোতোয়ালি মডেল থানায় হামলার শিকার নাদিমা মোহাম্মদী খান তার চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পরে এ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার আসামিরা হলেন রেজাউল ইসলাম সাব্বির, নাহিদুল ইসলাম রাজু, তার স্ত্রী তানজিয়া চাঁদনী ও সাইফুল্লাহ খান লাবু। এরা সবাই নগরের বাটারগলি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারভুক্ত আসামি তানজিয়া চাঁদনিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের অভিযান পরিচালিত হচ্ছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি মামলার এজাহারে অভিযুক্তরা নাদিমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাজি না হওয়ায় শনিবার রাতে তার চাচা নজরুল ইসলামের নেতৃত্বে তার ওপর হামলা চালায়।
নাদিমা অভিযোগ করেন, তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে তার চাচা নজরুল ইসলাম খানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তার পৈতৃক নিবাসে বসে তার চাচা অসামাজিক কার্যক্রম ও মাদক ব্যবসা এবং মাদক সেবন করে আসছিল। এ ঘটনায় বাধা দেওয়ায় তার ওপর হামলা হয়।
এ বিষয়ে জানতে নজরুল ইসলাম খানকে ফোন করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনুল ইসলাম বলেন, চাচার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।



























