বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ২৮ জুলাই ২০২৬

গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩
ছবি: সংগৃহীত

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা থানার খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফুজ্জামান।

দগ্ধরা হলেন- দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার ইমন আহমদ, জায়েদ আহমদ ও আকবর আলী। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গোডাউনে গ্যাস সিলিন্ডার লোড-আনলোডের সময় একটি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়। একপর্যায়ে বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মরত তিন শ্রমিক দগ্ধ হন। পরে স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিস্ফোরণের পর গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার শাহজালাল বলেন, সিলেট-সুনামগঞ্জ বাইপাস এলাকার একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে বিপুলসংখ্যক সিলিন্ডার মজুত ছিল। একাধিক সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি আশরাফুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, গোডাউনটিতে অবৈধভাবে গ্যাস রিফিল করা হচ্ছিল কি না তাও পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

জনপ্রিয়