মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ২৭ জুলাই ২০২৬

এমপি পদ ছেড়ে দেবেন ফজলুর রহমান, যদি…

এমপি পদ ছেড়ে দেবেন ফজলুর রহমান, যদি…
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন এবং দোষীদের বিচার নিশ্চিত করতে না পারলে সংসদ সদস্য (এমপি) পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে উপজেলা বিএনপি আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, জাহাঙ্গীর হত্যা মামলার তদন্তে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জের পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছেন। তাঁদের পরামর্শে তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন।

তিনি বলেন, তারা যদি হত্যার রহস্য উদঘাটন করতে না পারে, তাহলে আমি নিজেই উদ্যোগ নেব। জাহাঙ্গীর হত্যার প্রকৃত রহস্য আমি বের করবই। যদি সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে এমপি পদ ছেড়ে দেব।

বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনাও করেন। গত নির্বাচনে মিঠামইন থানায় দলটি ২৪ হাজার ভোট পেয়েছে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, ওই ভোট কোথা থেকে এলো এবং কারা জামায়াতকে ভোট দিল।

শোকসভায় কিশোরগঞ্জ-১ আসনের এমপি অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, পৌর বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। তাঁকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়