বাঁচতে চায় মাফিয়া, মেয়েকে বাঁচাতে আর্থিক সহায়তার আবেদন পরিবারের
চিকিৎসার খরচ জোগাতে শেষ সম্বল ভ্যানটিও বিক্রি করেছেন বাবা। বয়স মাত্র ১১ বছর। চোখে-মুখে এখনও শৈশবের সরলতা। কাঁধে স্কুলব্যাগ নিয়ে সহপাঠীদের সঙ্গে ছুটে চলার কথা ছিল তার। অথচ হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে পঞ্চগড়ের বোদা পৌরসভার কলেজপাড়ার পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী মোছা. মাফিয়া আক্তার। অসুস্থতা বাড়তে থাকায় উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
মাফিয়ার বাবা মো. মোমিন পেশায় একজন ভ্যানচালক। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে একে একে শেষ হয়ে গেছে পরিবারের সামান্য সঞ্চয়। শেষ পর্যন্ত চিকিৎসার খরচ জোগাতে নিজের একমাত্র উপার্জনের অবলম্বন ভ্যানটিও বিক্রি করে দিতে হয়েছে তাকে। এখন মেয়ের চিকিৎসা চালিয়ে নেওয়ার মতো সামর্থ্যও প্রায় ফুরিয়ে এসেছে।
মাফিয়ার বাড়ি বোদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায়। তার বাবার নাম মো. মোমিন এবং মায়ের নাম মোছা. সাবিনা আক্তার। সে ৫২ নম্বর বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী।
মেয়ের চিকিৎসার জন্য সহায়তা চেয়ে ইতোমধ্যে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবরও আর্থিক সহায়তার আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে সহায়তার আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো আর্থিক সহায়তা পরিবারের হাতে পৌঁছেনি।
এরই মধ্যে মাফিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। একদিকে মেয়ের চিকিৎসা, অন্যদিকে অর্থের অনিশ্চয়তা। অসহায় বাবা-মায়ের সামনে এখন একটাই প্রশ্ন, কীভাবে বাঁচানো যাবে তাদের সন্তানকে।
মাফিয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুনের উদ্যোগে এরই মধ্যে কিছু আর্থিক সহায়তা পেয়েছে পরিবারটি। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। মাফিয়ার চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন প্রধান শিক্ষক।
একটি ছোট্ট মেয়ে আবারও স্কুলে ফিরতে চায়। সহপাঠীদের সঙ্গে বসে ক্লাস করতে চায়, বই-খাতা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চায়। কিন্তু সেই স্বপ্নের পথে এখন সবচেয়ে বড় বাধা অর্থের সংকট।
মাফিয়াকে বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তার চিকিৎসার বড় ভরসা।
মানবিক সহায়তা পাঠাতে যোগাযোগ: বিকাশ/নগদ: 01757850572
ব্যাংক এশিয়া Account Title: Sabina Akter
Account No: 1083477033982
মাফিয়ার পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আকুল আবেদন, একটি শিশুর চিকিৎসার জন্য যে যার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান।
মাফিয়াকে বাঁচাতে এগিয়ে আসুন। হয়তো আপনার সামান্য সহায়তাতেই আবার স্কুলের পোশাক পরে শ্রেণিকক্ষে ফিরবে ছোট্ট মাফিয়া।



























