কিশোরগঞ্জে রাতে দুদক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের বারান্দায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, “রাত ১১টার দিকে দুদক কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুবৃর্ত্তরা ।তখন নিচতলার গেইট বন্ধ ছিল। এগুলো গ্রিলের ফাঁক দিয়ে বারান্দা পর্যন্ত আসে। বারান্দায় আগুন ধরে কিছুক্ষণ পর নিভে যায়।”
তিনি বলেন, “এ ঘটনায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষতি হয়নি। পরে বটতলা এলাকা থেকে টহলরত পুলিশ আসে। সদর থানার ওসি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”



























