ঢাকা রেঞ্জে আইনশৃঙ্খলা জোরদারে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদারে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
প্রথম প্রজ্ঞাপনে সংযুক্ত আট কর্মকর্তা হলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
অপর প্রজ্ঞাপনে সংযুক্ত চার কর্মকর্তা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এবিএম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে এসব কর্মকর্তাকে আগামী দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সংযুক্ত কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।



























