রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২৬ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪৯ সদস্যসহ গ্রেপ্তার ৪৯৭

ডিএমপির অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪৯ সদস্যসহ গ্রেপ্তার ৪৯৭
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪৯ সদস্যসহ মোট ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন থানায় ৪৪টি মামলা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৬০ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ১০০ জন, মিরপুরে ১১৭ জন, গুলশানে ৪১ জন এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ, এক লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।