রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু ইউপি নির্বাচন সম্ভব নয়: সিইসি
রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।
রোববার (২৯ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশনের আহ্বানে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় কমিশন আশাবাদী যে, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে না হলেও এতে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে। এ কারণে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের বাইরে কমিশনের অন্য কোনো এজেন্ডা নেই। একটি অবাধ, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই কমিশনের একমাত্র লক্ষ্য।
নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে উল্লেখ করে সিইসি বলেন, এসব চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ যাতে সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।



























