রাজধানীতে তিন স্থানে বাসে আগুন, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির আগের রাতে রাজধানীর পৃথক তিন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে মিরপুর, ভাষানটেক ও পল্টনে এসব ঘটনা ঘটে। একই রাতে মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরের বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায়ও কেউ হতাহত হননি বলে জানিয়েছেন ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান।
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পল্টন থানার ডিউটি অফিসার মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারা বা কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অন্যদিকে, শনিবার দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, গ্রেপ্তার ব্যক্তি এইচ এম কবির হিরা। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।



























