রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ২৯ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

মোহাম্মদপুরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতির ভয় দেখিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসানের আইফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ক্যাম্পাসের পাশে জনতা বাজারের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স। ঘটনার পর রাফসান মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।

রাফসান ইউল্যাবে মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ববি হাজ্জাজের রাজনৈতিক দল এনডিএমের সহকারী হিসেবেও কাজ করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী রাফসান জানান, ঘটনার দিন মাস্টার্সের ক্লাস থাকায় তিনি মোহাম্মদপুর তিন রাস্তা থেকে অটোরিকশায় করে ইউল্যাব ক্যাম্পাসে যাচ্ছিলেন। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে আরেকটি অটোরিকশা তার রিকশার গতিরোধ করে। ওই রিকশায় থাকা চারজন চাপাতি ঠেকিয়ে তার কাঁধের ব্যাগ ও পকেট থেকে আইফোনটি ছিনিয়ে নেয়। বাধা দিলে চাপাতির উল্টো পাশ দিয়ে তাকে কয়েকটি আঘাত করা হয়, এতে তার ডান হাতে আঘাত লাগে। চিকিৎসা নিয়ে তিনি এখন বাসায় আছেন।

রাফসান আরও জানান, বিষয়টি ববি হাজ্জাজ জানেন এবং তিনি থানাকেও অবহিত করেছেন। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্যের ঘনিষ্ঠজনের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কর্মকর্তারা বেশ চাপে রয়েছেন। ববি হাজ্জাজের পক্ষ থেকেও থানায় ফোন করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় ছিনতাইবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: