কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
চট্টগ্রাম নগরের খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষে লোকজন বাড়ি ফেরার পথে সড়কে মিছিলটি বের করা হয়।
মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন তরুণ ও যুবককে সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যেতে দেখা যায়।
তাদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন ছিল না। মিছিলটি কোন পথে গেছে কিংবা পরে অংশগ্রহণকারীরা কোথায় অবস্থান নিয়েছেন, তা জানা যায়নি।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মিছিলের ঘটনা ঘটেছে বলে তারা নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে।



























