শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৩০, ২৬ নভেম্বর ২০২৬

বেনাপোলে ককটেল হামলা: ৮ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বেনাপোলে ককটেল হামলা: ৮ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে বিএনপি নেতা ও শ্রমিক নেতার ওপর ককটেল হামলার ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন হামলায় আহত তবিবুর রহমান তবি (৫০)। তিনি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি।

মামলায় অভিযুক্তরা হলেন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আশা (৩০), জামশের আলীর ছেলে বাবু (৩৫), ইসরাফিলের ছেলে চয়ন (২৭), মৃত হবি সরদারের ছেলে ইব্রাহিম (৪০) ও ইসরাফিল (৫৫), মৃত সোলেমান সরদারের ছেলে জামশের আলী (৬০), জামশের আলীর ছেলে বকুল (৩৫) এবং মৃত ছামাদের ছেলে আবদুল আহাদ (৬০)।

আসামিদের মধ্যে আবদুল আহাদ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর। ইসরাফিল সরদার বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। অন্য আসামিরাও বিএনপি ও সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তবিবুর রহমান তবির সঙ্গে স্থানীয় কয়েকজনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে সহযোগী লুকমান হোসেনকে (৫০) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। ছোট আঁচড়া গ্রামে নিজের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া আসামিরা তাদের পথরোধ করেন।

এ সময় আবদুল আহাদের নির্দেশে আশা ও বাবু তাদের হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পায়ের বিভিন্ন স্থানে এবং লুকমান হোসেনের বাম পায়ে আঘাত লাগে। এ ঘটনায় তাদের ব্যবহৃত কালো রঙের ইয়ামাহা এফজেডএস-ভি২ মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, তবিবুর রহমান তবি বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।