শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২৭ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা

পঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। ভোরে হালকা কুয়াশা আর রাতভর হিমেল বাতাসে ক্রমেই বাড়ছে ঠান্ডার তীব্রতা। গত চার দিন ধরে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ থাকছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ ও কৃষকরা। একই সঙ্গে ঠান্ডা বাতাসের মধ্যে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। পরদিন বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছায়। এ নিয়ে টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।