যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা ও তুষারঝড়, বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ
প্রবল তুষারঝড় ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ জনপদ। দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত আঘাত হানা দুটি শক্তিশালী ঝড়ের তাণ্ডবে এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৯ লাখের বেশি গ্রাহক। বৈরী আবহাওয়ার কারণে শত শত ফ্লাইট বাতিল হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত করতে হয়েছে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেড।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পেনসিলভানিয়ার বাসিন্দারা। সেখানে ২ লাখ ১৩ হাজারের বেশি গ্রাহক অন্ধকারে রয়েছেন। এ ছাড়া ভার্জিনিয়ায় দেড় লাখের বেশি এবং মিসৌরিতে প্রায় ১ লাখ ২০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়েও দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ-সংকট।
বন্যায় তলিয়েছে উপকূল, চলছে উদ্ধার অভিযান
ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। নিউ জার্সির আটলান্টিক সিটির নিচু এলাকাগুলোতে ২ থেকে ৩ ফুট পর্যন্ত পানি জমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে বহু সড়ক ও সেতু। শহরের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা স্কট ইভান্স জানিয়েছেন, পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও এখনো অনেক রাস্তা তলিয়ে আছে। পানিতে আটকে পড়া যানবাহন ও ঘরবাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে উদ্ধারকর্মীরা অন্তত ১৪টি অভিযান পরিচালনা করেছেন।
একই চিত্র দেখা গেছে ভার্জিনিয়ার শহরগুলোতেও। নরফোক শহরে ফায়ার সার্ভিস কর্মীরা বন্যার পানি থেকে ৩৯ জনকে নিরাপদে উদ্ধার করেছেন। পয়োসনেও পানিবন্দী কয়েকটি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
তুষারপাতে ৭০ বছরের রেকর্ড ভঙ্গ
মধ্য-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে ভারী ও ভেজা তুষারপাতে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইন ভেঙে পড়েছে। মিসৌরির বিভিন্ন এলাকায় ৮ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত পুরু তুষারের স্তর জমেছে। তুষারপাত হচ্ছে পশ্চিম ও মধ্য টেনেসিতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেনেসির মেমফিস শহরে গত ৭০ বছরের ইতিহাসে এই প্রথম থ্যাংকসগিভিংয়ের দিনে তুষারপাত দেখলেন বাসিন্দারা।
বিমান ও রেলপথে ভ্রমণ বিপর্যয়
বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উৎসবের ছুটিতে ঘুরতে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। বৈরী আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে সাময়িক স্থগিতাদেশ বা ‘গ্রাউন্ড স্টপ’ জারি করে। প্রবল ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল সংযোগকারী উড়াল ট্রেন বন্ধ রেখে শাটল বাস চালু করা হয়েছে।
অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে সমুদ্রের উত্তাল ঢেউ ও উচ্চ জোয়ারের পানি রেললাইনের ওপর আছড়ে পড়ায় আমট্রাকের প্যাসিফিক সার্ফলাইনার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থগিত হওয়া নিউইয়র্কের ঐতিহ্যবাহী থ্যাংকসগিভিং প্যারেডটি আগামী শনিবার আয়োজনের কথা রয়েছে।
সামনে আরও দুর্যোগের পূর্বাভাস
আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, দুর্যোগের রেশ এখনই কাটছে না। প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল হয়ে ঝড়টি রকি পর্বতমালা ও মধ্যাঞ্চলীয় সমভূমির দিকে অগ্রসর হতে পারে। বিশেষ করে আগামী রোববার যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত ভ্রমণের দিনে লুইজিয়ানা উপকূল থেকে দক্ষিণ মিশিগান পর্যন্ত ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শনিবার রাতে পশ্চিম উপকূলেও আরেকটি শক্তিশালী ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সূত্র: দ্য ভার্জিনিয়ান-পাইলট



























