তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ, জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা প্রদান এবং ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের মতো কার্যক্রমের মাধ্যমে দেশে ক্রীড়ার বিকাশে কাজ করছে সরকার।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। পটিয়ার মিনি স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহণ ও বাজেট অনুমোদনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
আমিনুল হক বলেন, খেলাধুলার প্রসারের জন্য সরকার মাঠ সংরক্ষণ ও উন্নয়নে জাতীয় পর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে। এর মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ সংরক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের কাজ পরিচালিত হচ্ছে। সরকারের লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করা।
জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৩০০ জন খেলোয়াড় এ সুবিধার আওতায় এসেছেন। পর্যায়ক্রমে প্রায় ৫০০ জন খেলোয়াড়কে এ কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে। ‘নতুন ক্রীড়া স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হবে। এতে বিদ্যমান ইভেন্টগুলোর পাশাপাশি আরও নতুন ইভেন্ট যুক্ত করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তারা।



























