রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:০৫, ১৪ নভেম্বর ২০২৬

রোববার থেকে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

রোববার থেকে পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর
ছবিঃ সংগৃহীত

আন্দোলনের নামে ভাঙচুর ও সড়ক অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।

তিনি জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “এ ক্রান্তিকালে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পুরো খাত হুমকির মুখে পড়ে। মালিক-শ্রমিক সবাইকে মিলেই এ খাত টিকিয়ে রাখতে হবে।”

এদিকে শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে—এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও তাঁদের বিরত থাকার আহ্বান জানান তাঁরা। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধও জানান।

মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, বর্তমানে দু-একটি স্থানে আন্দোলন চলছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখা প্রয়োজন।

উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

সর্বশেষ

জনপ্রিয়