১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ৪০ লাখ ডলার
চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ। প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৯ কোটি ৩০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি মাসের ১১ নভেম্বর এক দিনেই দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
এর আগের হিসাব অনুযায়ী, ১ জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। তখন প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।
সর্বশেষ হিসাবে, ১১ নভেম্বর পর্যন্ত অর্থবছরভিত্তিক রেমিট্যান্স প্রবৃদ্ধি কিছুটা কমে ১৪ দশমিক ২ শতাংশে নেমেছে। তবে মাসের প্রথম ১১ দিনে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি প্রবাসী আয় আসায় রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।



























