বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ১২ মে ২০২৬

কুয়েটে নিবন্ধিত ক্লাবগুলোর বার্ষিক নিবন্ধন নবায়নের নির্দেশ

কুয়েটে নিবন্ধিত ক্লাবগুলোর বার্ষিক নিবন্ধন নবায়নের নির্দেশ
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ক্লাবগুলোর জন্য নতুন করে নিবন্ধন ও নবায়ন সংক্রান্ত শর্তাবলি সংবলিত এক বিজ্ঞপ্তি করেছে। 

সোমবার(১১ মে) পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ক্লাবকে প্রতিবছর নিবন্ধন নবায়ন করতে হবে এবং নির্ধারিত নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

প্রকাশিত শর্তাবলি অনুযায়ী, ক্লাব নিবন্ধনের জন্য ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র, কার্যনির্বাহী কমিটি ও শিক্ষক মডারেটরের নামসহ প্রয়োজনীয় সংযুক্তি পরিচালকের (ছাত্র কল্যাণ) দপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে ক্লাবের একটি গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট নাম থাকতে হবে।

নবায়নের ক্ষেত্রে ক্লাবগুলোকে বিগত এক বছরের কার্যক্রমের উপর তথ্যনির্ভর বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া যেসব ক্লাবের কার্যক্রম চলমান রয়েছে, সেসব ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত একজন শিক্ষক উপদেষ্টা থাকতে হবে এবং তার সম্মতিপত্রও জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি ক্লাবে একটি নিয়মিত কার্যনির্বাহী কমিটি থাকতে হবে এবং কমিটির তালিকা মডারেটর কর্তৃক স্বাক্ষরিত অবস্থায় জমা দিতে হবে। ক্লাব নিবন্ধনের মেয়াদ এক শিক্ষাবর্ষ পর্যন্ত বলবৎ থাকবে। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কার্যনির্বাহী কমিটির হালনাগাদ তালিকাসহ নবায়নের আবেদন করতে হবে।

কুয়েট প্রশাসন জানিয়েছে, ক্লাবের কার্যক্রম অবশ্যই অরাজনৈতিক হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকতে হবে, যাতে জাতি, ধর্ম, বর্ণ, সমতল, পাহাড়ি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারে।

এছাড়া প্রতিটি ক্লাবে ন্যূনতম ৩০ জন সক্রিয় সদস্য থাকতে হবে। ক্লাবের মডারেটর বা কো-মডারেটর হিসেবে কমপক্ষে একজন শিক্ষক প্রতিনিধি থাকতে হবে। তবে একজন শিক্ষক একাধিক ক্লাবের মডারেটর বা কো-মডারেটর হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে, ক্লাবের নিবন্ধন, নবায়ন, বাতিলকরণ, স্থগিতকরণ ও উপরোল্লিখিত শর্তাবলির সংযোজন-বিয়োজন বা পরিবর্তনের বিষয়ে পরিচালক (ছাত্র কল্যাণ) যে কোনো সময় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ