বেরোবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে|
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে|
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস সরেজমিনে পরিদর্শন করেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান| পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন| তিনি বলেন, নবাগত শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর|
গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি| এ সময় উপাচার্য জানান, নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র্যাগিং এর শিকার যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে| বেরোবি উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, সময়মতো পড়ালেখা ও ক্লাসে উপস্থিত হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ছাত্রজীবন থেকেই সময়ানুবর্তিতার চর্চা করতে হবে| নবাগত শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন বেরোবি উপাচার্য|
ওরিয়েন্টেশন ক্লাসসমূহে স্ব স্ব বিভাগের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি এবং লাইব্রেরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন| ওরিয়েন্টেশন ক্লাস পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



























