রোববার ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ২৫ জুলাই ২০২৬

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। 

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

যোগদানের পর যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির এবং উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ফুল দিয়ে নতুন কোষাধ্যক্ষকে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানকে যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ১৯৫২ থেকে ২০২৪ সালের সকল বীর শহীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে একটি নিমগাছের চারা রোপণ করেন।

যোগদানের পর অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “আমি এখানে যোগদানের পর যবিপ্রবি পরিবার যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। সরকার আমাকে যে উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছে, তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও যেকোনো ভালো কাজে আমাকে সবসময় পাশে পাবেন।”

অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদের অধীনে স্নাতক এবং ২০০৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বছরের ১৫ মে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দেশি-বিদেশি স্বনামধন্য জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয়