জাপানে গবেষণার পথ দেখাতে যবিপ্রবিতে জেএসপিএস সেমিনার
জাপানে উচ্চশিক্ষা, ফেলোশিপ এবং আন্তর্জাতিক গবেষণা তহবিলের সুযোগ-সুবিধা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “গাইডেন্স সেমিনার অন দ্য জেএসপিএস প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ ফান্ডিং অপরচুনিটিস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সার্বিক সহযোগিতায় এবং জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের (জেএসপিএস) উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, জেএসপিএস প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের জন্য দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও গবেষণা তহবিল প্রদান করে। কিন্তু তথ্যের অভাব ও আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় বাংলাদেশ থেকে এখনো অল্পসংখ্যক গবেষক এই সুযোগ গ্রহণ করতে পেরেছেন। এ ধরনের আয়োজন যবিপ্রবির তরুণ গবেষকদের আন্তর্জাতিক গবেষণা ও উচ্চশিক্ষার বিষয়ে আরও আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, জাপানের গবেষণা পরিবেশ ও যৌথ গবেষণার সংস্কৃতি বিশ্বমানের। সেখানে পিএইচডি বা পোস্ট-ডক গবেষণার অভিজ্ঞতা একজন তরুণ শিক্ষক ও গবেষকের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে যাওয়াই চূড়ান্ত লক্ষ্য নয়; বরং আধুনিক প্রযুক্তি ও গবেষণা-সংস্কৃতি অর্জন করে দেশে ফিরে তা কাজে লাগানোই হওয়া উচিত মূল উদ্দেশ্য।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, জাপানে পিএইচডি ও পোস্ট-ডক গবেষণার অসাধারণ সুযোগ রয়েছে। সঠিক তথ্যের অভাবে যেন তরুণ শিক্ষকরা এসব সুযোগ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি দেশে ফিরে বিশ্বমানের গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য, যাতে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরাও বাংলাদেশে গবেষণার জন্য আগ্রহী হন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।
বাংলাদেশ জেএসপিএস-এর সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।



























