বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৫, ২৮ জুলাই ২০২৬

রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম

রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

আজ সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সচিব মো: শাহ্ আলম সিরাজ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের শর্তাবলীতে বলা হয়েছে, তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ যেটি পূর্বে ঘটে, সেই সময় পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

নিয়োগ পাওয়ার পর জানতে চাইলে রাবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, “নতুন দায়িত্ব পাওয়া সত্যিই আনন্দের। প্রতিটি দায়িত্বের ভার মানুষকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করায়। আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমি আশা করি, সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবো।”

উল্লেখ্য, রাবিপ্রবি নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব মেরিন সায়েন্সস থেকে মেরিন সায়েন্সে বিএসসি ও এমএসসি এবং মেরিন বায়োডাইভার্সিটি এ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।

জনপ্রিয়