শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

শেকৃবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:২১, ৩১ জুলাই ২০২৬

আনসার সদস্যকে মারধরের ঘটনায় শেকৃবি ছাত্রদল নেতা বহিষ্কার

আনসার সদস্যকে মারধরের ঘটনায় শেকৃবি ছাত্রদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রধান ফটকে দায়িত্বরত এক আনসার সদস্যকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জিল্লুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জিল্লুর রহমানকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে, গত ২১ জুলাই দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের সময় দায়িত্বরত এক আনসার সদস্য জিল্লুর রহমানের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমান আনসার সদস্যকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

উল্লেখ্য, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আনসার সদস্যকে মারধরের দৃশ্য দেখা যায়, যা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে অভিযুক্ত নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

জনপ্রিয়