বুধবার ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৭, ১৯ আগস্ট ২০২৬

বিসিএস ক্যাডার হওয়ার আগেই ট্রেনে থামল শেকৃবির তানভীরের স্বপ্ন

বিসিএস ক্যাডার হওয়ার আগেই ট্রেনে থামল শেকৃবির তানভীরের স্বপ্ন
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে নতুন কর্মস্থলে যোগদানের অপেক্ষায় ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী মীর তানভীর আহমেদ। তবে সেই স্বপ্ন পূরণের আগেই ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মীর তানভীর আহমেদের বয়স ২৯ বছর। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে টিলাহাটী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তানভীর নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় পরিচয় নিশ্চিত করা হয়। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।

মাদারীপুরের শিবচর উপজেলার ডিগ্রির চর গ্রামের তানভীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। চলতি বছরের জুনে তাঁকে দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে বদলি করা হয়।

এরপর ৪৫তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হন তানভীর। ক্যাডার কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিবারের সদস্যদের ভাষ্য, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল তানভীরের। সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এসেই তাঁর জীবন থেমে গেল মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায়।

দুই ভাইয়ের মধ্যে তানভীর ছিলেন ছোট। তাঁর বাবা একটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বজনরা জানান, কীভাবে এমন ঘটনা ঘটল, তা এখনো তাঁদের কাছে অজানা। তানভীরের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার শফিকুর রহমান জানান, পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ শনাক্ত করেছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়