চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। এবার বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৯৭ জন। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ১৬৮ জন।
এর আগের বছর ২০২৪ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী।
তিনি বলেন, “আমাদের পাসের হার গতবারের কাছাকাছি। এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে এবং অভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে। তাই মূল্যায়ন যথাযথ হয়েছে। সে কারণে হয়তো এ বছর জিপিএ-৫ অনেক কমেছে।”



























